খালেদা জিয়ার প্রয়াণ: তারেক রহমানকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে জামায়াত আমির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি এই সমবেদনা জানান।

দলীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ে পৌঁছেই জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রথমে সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি কার্যালয়ের তৃতীয় তলায় যান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান দীর্ঘ সময় তারেক রহমানের পাশে অবস্থান করেন। তিনি মাতৃহারা শোকে মুহ্যমান তারেক রহমানকে গভীর সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জামায়াত আমিরের সঙ্গে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান মিলন।