আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জনস্বার্থে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো এই অধিবেশনে আইনি প্রক্রিয়ায় উত্থাপন করা হবে। প্রথা অনুযায়ী অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও অনুষ্ঠিত হবে।
অধিবেশন আহ্বানের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এ-সংক্রান্ত প্রয়োজনীয় সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই অনুযায়ী আগামী ১২ মার্চ অধিবেশনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম আনুষ্ঠানিক যাত্রা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ এবং আইনি কাঠামো পুনর্গঠনে এই অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
-বেলাল










