বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করছেন শোকবইয়ে

ছবি: বিএনপির ফেসবুক পেজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের পক্ষ থেকে শোক জানানো অব্যাহত রয়েছে। পাশাপাশি একাধিক দেশের প্রতিনিধিরা সরাসরি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল গণমাধ্যমকে জানান, রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এখন পর্যন্ত অন্তত ছয়টি দেশের কূটনৈতিক প্রতিনিধিদল উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছে। তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।

দলীয় সূত্রে জানা গেছে, যেসব দেশের কূটনীতিকরা এখন পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলেও সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবদান ও ব্যক্তিত্বের প্রতি সম্মান জানানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা।

এদিকে শুধু কূটনীতিকরাই নন, বিএনপির বিভিন্ন রাজনৈতিক শরিক দলের প্রতিনিধিরাও শোক জানাতে গুলশানের কার্যালয়ে উপস্থিত হচ্ছেন। এদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থকে শোকবইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘গণতন্ত্রের মাতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও শোক জানাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শোকবই খোলা হয়েছে।’ তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষরের সুযোগ রাখা হয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। শায়রুল কবির খান আরও জানান, শোকবইয়ে সর্বপ্রথম স্বাক্ষর করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাবরিনা/