সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খোলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোকবই খোলা হয়।
মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাদের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করতে পারবেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শোকবইয়ে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবই খোলা থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে দলীয় কর্মসূচির মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে দল ও দেশ একজন অভিজ্ঞ রাজনীতিককে হারালো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সাবরিনা/










