বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে বিতর্কের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে থাকে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।
ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে বিএনপি মহাসচিব জানান, “ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।”
এই সময় বিএনপি মহাসচিব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি।
উল্লেখ্য, ভারত সরকারের অনুমোদন নিয়েই আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলে। সেই নিলাম থেকেই ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টরপন্থিদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে পরে কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেয়।
এ ঘটনার পর ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। সংস্থাটি আইসিসিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে এ বিষয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।










