বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশের সব পোশাক কারখানায় আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ, যা সরকারের ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিজিএমইএ মঙ্গলবার সদস্য কারখানাগুলোকে পাঠানো নির্দেশনায় ছুটির অনুরোধ জানায়। মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মৃত্যু বরণ করেন। দুপুরে উপদেষ্টা পরিষদের সভায় তার জানাজার স্থান ও সময় নির্ধারণ করা হয়। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রণে উপস্থিত হয়ে খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে জানাজার বিষয়ে অবহিত করেন।
উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক এক মিনিট নীরবতা পালন করে শুরু হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকারের সকল সদস্যসহ পুরো জাতি শোকাহত। বৈঠকে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয় এবং বুধবারকে সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
আফরিনা সুলতানা/










