দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে তিনি নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উৎসবমুখর নয়াপল্টন প্রায় দেড় যুগ পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় কার্যালয় ও এর সংলগ্ন রাস্তাঘাট ছেয়ে গেছে বিশাল বিশাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে। এসব প্রচারপত্রে তারেক রহমানের ছবির পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ঢাকা দক্ষিণ মহানগর এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের ছবিও শোভা পাচ্ছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে সকাল থেকেই কার্যালয়ের সামনে ভিড় করছেন হাজারো নেতাকর্মী।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নামার পর তাকে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তিনি সরাসরি হাসপাতালে যান চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে। পরবর্তীতে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) দীর্ঘ ১৯ বছর পর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করেন তিনি।
আজ নয়াপল্টনে যাওয়ার মাধ্যমে দীর্ঘ সময় পর সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান।
আফরিনা সুলতানা/










