আদালতের নির্দেশে ছাড়পত্র পেলেন শামসি, খেলতে পারবেন বিদেশি লিগে

JOHANNESBURG, SOUTH AFRICA - MAY13: Tabraiz Shamsi of the Proteas during the Proteas portrait shoot on May 13, 2017 in Johannesburg, South Africa. (Photo by Lee Warren/Gallo Images)

স্পিনার তাব্রেইজ শামসিকে বিদেশি টি–টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র দিতে ক্রিকেট সাউথ আফ্রিকাকে (সিএসএ) নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। অন্তর্বর্তীকালীন এই আদেশের পর সিএসএ শামসিকে আইএল টি–টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।

এই রায় আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশি লিগে খেলতে অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইসিসির নিয়ম অনুযায়ী, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হলে সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি বাধ্যতামূলক। জাতীয় দল বা ঘরোয়া লিগের সূচির সঙ্গে সাংঘর্ষিক হলে বোর্ডগুলো সাধারণত এই অনুমতি দিতে অনাগ্রহী হয়ে থাকে। তবে আদালতের মাধ্যমে অনুমতি আদায়ের ঘটনা এ ক্ষেত্রে বিরল।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে এসএ টোয়েন্টির নিলামে শামসিকে ৫ লাখ র্যান্ডে দলে ভিড়িয়েছিল এমআই কেপটাউন। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তি বাতিলের আবেদন করলে গত নভেম্বরে সিএসএ তা অনুমোদন করে।

এরপর সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টিতে গালফ জায়ান্টস এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন শামসি। শুরুতে ক্রিকেট সাউথ আফ্রিকা তাঁকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিলেও টুর্নামেন্ট ৪ জানুয়ারি পর্যন্ত চলায় তিনি ছাড়পত্রের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তবে বোর্ড সেই আবেদন নাকচ করে দেয়। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই স্পিনার আদালতের দ্বারস্থ হন।

ক্রিকইনফোর খবরে বলা হয়, জরুরি শুনানি শেষে গাউটেং হাইকোর্ট শামসির পক্ষে রায় দেন। আদালত সিএসএকে আইএল টি–টোয়েন্টির ফাইনাল পর্যন্ত শামসিকে এনওসি দিতে নির্দেশ দেন। একই সঙ্গে মামলার আইনি খরচও সিএসএকে বহন করতে বলা হয়। আদালতের আদেশের পর বিগ ব্যাশ লিগে খেলার জন্যও শামসিকে আলাদাভাবে ছাড়পত্র দেয় সিএসএ।

আইএল টি–টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে চার উইকেট নিয়েছেন শামসি। জানুয়ারিতে তিনি অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়া যাবেন।

রায়ের পর শামসি তাঁর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্লোবাল স্পোর্টস ভেঞ্চার্সের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, জরুরি বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন প্রতিকার দেওয়ায় তিনি কৃতজ্ঞ। বিবৃতিতে তিনি আরও লেখেন, “বিষয়টি আদালতে নেওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু অন্য কোনোভাবে সমাধান সম্ভব না হওয়ায় প্রয়োজনের নিরিখে এ পথ বেছে নিতে হয়েছে।”

এদিকে ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে, রায়ের বিস্তারিত পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি ক্রিকইনফোকে বলেন, এসএ টোয়েন্টির সঙ্গে চুক্তিগত বাধ্যবাধকতার কারণেই আগে শামসিকে এনওসি দেওয়া হয়নি।

৩৫ বছর বয়সী শামসি গত বছর ক্রিকেট সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে যান। গত ফেব্রুয়ারির পর তিনি জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি। তবে ডাক পেলে আবারও জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন এই স্পিনার।

এমইউএম/