আইএল টি-টোয়েন্টিতে সাকিবের সঙ্গে তাসকিনের দেখা, কী কথা হয়েছে?

দেশের ক্রিকেটের সঙ্গে গত দেড় বছর ধরে যুক্ত নন সাকিব আল হাসান। রাজনৈতিক বাস্তবতায় আপাতত দেশে ফেরার সম্ভাবনাও নেই তার। ফলে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেই সময় কাটাচ্ছেন এই অলরাউন্ডার। সম্প্রতি আইএল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে সাকিবের সঙ্গে দেখা হয়েছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের।

বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ শেষে সোমবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের শিবিরে যোগ দেন তাসকিন। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানান তিনি।

তাসকিন বলেন, “সাকিব ভাইয়ের সঙ্গে দুই দিন টি-টেনে আর আইএলে দুই দিন দেখা হয়েছিল। সাকিব ভাইদের টিম ছিল আবুধাবিতে, আর আমরা ছিলাম দুবাইয়ে। পরে মাঠের বাইরে আর দেখা হয়নি। তবে যতটুকু দেখা হয়েছে, কথা হয়েছে—অনেক দিন পর দেখা হওয়ায় ভালো লেগেছে।”

সাকিবের বর্তমান ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে তাসকিন বলেন, “টু বি অনেস্ট, একটা নির্দিষ্ট সময়ের পর সাকিব ভাইয়ের ক্ষেত্রে ফিটনেসের চেয়েও বড় বিষয় হলো গেম অ্যাওয়ারনেস। যেটা যে কোনো দলের জন্য বড় ইমপ্যাক্ট ফেলে। উনার অভিজ্ঞতা অনেক—৪০০-এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এটা যেকোনো টিমের জন্যই পজিটিভ দিক। যদিও বাংলাদেশ টিমের বিষয়টা আমার কন্ট্রোলে নেই, তবে উনার মতো প্লেয়ারকে সবাই দলে পেতে চায়।”

এদিকে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচে না খেলা নিয়ে ভুল বোঝাবুঝির কথাও পরিষ্কার করেন তাসকিন। তিনি বলেন, “এ নিয়ে হয়তো আপনারা ভুল তথ্য পেয়েছেন। ৪২ দিন পর দেশে ফিরে দেখি আমার ছেলে অসুস্থ। তখন টিম ম্যানেজমেন্টকে জানাই যে এক ম্যাচ পরে যোগ দেবো।”

এমইউএম/