আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) টানা দ্বিতীয় ম্যাচে গোল করে মিসরের শেষ ষোলো নিশ্চিত করেছেন অধিনায়ক মোহামেদ সালাহ। তার একমাত্র পেনাল্টি গোলে দক্ষিণ আফ্রিকাকে ১–০ ব্যবধানে হারিয়েছে মিসর।
শুক্রবার রাতে মরক্কোর আগাদিরে গ্রুপ ‘বি’র ম্যাচে এই জয় পায় মিসর। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ে ও অ্যাঙ্গোলা ১ পয়েন্ট করে পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বক্সে বলের লড়াইয়ে ডিফেন্ডার খুলিসো মুদাউয়ের আঘাতে পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে নির্ভুল শটে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল করেন সালাহ। প্রথমার্ধের যোগ করা সময়ে বাজে ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি।
দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ালেও একাধিক সুযোগ নষ্ট করে দক্ষিণ আফ্রিকা। মিসরের গোলরক্ষক কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন। শেষ পর্যন্ত সালাহর একমাত্র গোলেই জয় নিশ্চিত করে সাতবারের চ্যাম্পিয়নরা।
এদিকে গ্রুপ ‘এ’-তে মরক্কোর টানা ১৯ ম্যাচের জয়ের ধারা থামিয়েছে মালি। স্বাগতিকদের ১–১ গোলে রুখে দিয়েছে তারা। এই ড্রয়ের ফলে নকআউট পর্বে ওঠার অপেক্ষা বাড়ল মরক্কোর।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে মরক্কোর হয়ে গোল করেন ব্রাহিম দিয়াজ। তবে ৬৪ মিনিটে লাসিনে সিনায়োকোর পেনাল্টি গোলে সমতা ফেরায় মালি। শেষ পর্যন্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষে রয়েছে মরক্কো। মালি ও জাম্বিয়ার সংগ্রহ ২ পয়েন্ট করে। আগামী মঙ্গলবার রাতে জাম্বিয়ার বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করবে মরক্কো।
এমইউএম/










