কেভিন চরিত্রের সেই শিশু তারকা এখন ৪৫—কোথায় ম্যাকোলি কালকিন

নব্বই দশকের আলোচিত হলিউড ছবি ‘হোম অ্যালোন’—এই নামটি শোনেননি, এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। ছবিটির সেই ছোট্ট, বুদ্ধিমান শিশু চরিত্র কেভিন আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।

সিনেমাটি মুক্তির ৩৫ বছর পূর্তিতে কেভিন চরিত্রে অভিনয় করা ম্যাকোলি কালকিন নিজের জীবন ও শৈশবের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে। শিশু বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছানোয় তাঁর পরিবারেও জটিলতা তৈরি হয়। ১৯৯৫ সালে তাঁর মা–বাবার বিচ্ছেদের পর বাবার সঙ্গে সম্পর্ক প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৩০ বছর ধরে বাবার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

পরিচালক ক্রিস কলম্বাস জানান, ‘হোম অ্যালোন’-এর জন্য প্রায় ৫০০ শিশুর অডিশন নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ম্যাকোলি কালকিনকেই বেছে নেওয়া হয়। তাঁকে দেখেই কলম্বাস বুঝে গিয়েছিলেন—এই শিশুই সিনেমার কেভিন।

‘হোম অ্যালোন’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠা ম্যাকোলি কালকিন তখন মাত্র আট বছরের শিশু। এখন তাঁর বয়স ৪৫। অল্প বয়সেই আকাশচুম্বী সাফল্য পেলেও তাঁর জীবন সহজ ছিল না। মাদকাসক্তি ও ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘদিন তিনি ছিলেন আলোচনার বাইরে, জড়িয়েছিলেন বিতর্কেও।

সম্প্রতি ইউটিউব শো ‘মিথিক্যাল কিচেন’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কালকিন বলেন, শৈশবে তিনি জানতেন তাঁর জীবন অন্য বাচ্চাদের থেকে আলাদা, কিন্তু সেটি কতটা অস্বাভাবিক ছিল, তা বুঝেছেন অনেক পরে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের আবেগ ও অভিজ্ঞতাগুলো ব্যাখ্যা করার ভাষা খুঁজে পেয়েছেন বলে জানান।

বর্তমানে ম্যাকোলি কালকিন তাঁর বাগদত্তা অভিনেত্রী ব্রেন্ডা সংয়ের সঙ্গে সংসার করছেন। তাঁদের দুই সন্তান রয়েছে। অভিনয়জীবনে বহু উত্থান–পতনের পর আজ নিজের জীবন নিয়ে সন্তুষ্ট কালকিন বলেন, তিনি আলাদা—আর সেটাই তাঁর ভালো লাগে।

বিথী রানী মণ্ডল/