ইনস্টাগ্রামে যেকোনো পোস্ট বা রিলস শেয়ার করার সময় একগুচ্ছ হ্যাশট্যাগ দেওয়ার দিন শেষ। এখন থেকে প্রতিটি পোস্টে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহারের নতুন নিয়ম ঘোষণা করেছে মেটা মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি। সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই পরিবর্তনের কথা জানান।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাশট্যাগ ব্যবহারের মূল উদ্দেশ্য কনটেন্ট খুঁজে পেতে সহায়তা করা। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, অনেক ব্যবহারকারী রিচ বা দর্শক বাড়াতে পোস্টের সঙ্গে অসংখ্য অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ যুক্ত করেন। এই প্রবণতা বন্ধ করতেই পাঁচটি হ্যাশট্যাগের সীমাবদ্ধতা আনা হয়েছে।
অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগে হিতে বিপরীত: ইনস্টাগ্রামের ‘ক্রিয়েটরস’ অ্যাকাউন্টে জানানো হয়েছে, সাধারণ বা অস্পষ্ট হ্যাশট্যাগের বদলে নির্দিষ্ট ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্টের পারফরম্যান্স ভালো হয়। যেমন, বিউটি সম্পর্কিত ভিডিওতে কেবল বিউটি বিষয়ক হ্যাশট্যাগই রাখা উচিত। অনেকেই মনে করেন #reels বা #explore-এর মতো জনপ্রিয় হ্যাশট্যাগ দিলেই পোস্ট ভাইরাল হবে; কিন্তু ইনস্টাগ্রাম বলছে এতে উল্টো পোস্টের ভিউ বা রিচ কমে যেতে পারে।
রিচ বাড়াতে হ্যাশট্যাগই সব নয়: অ্যাডাম মোসেরি স্পষ্ট করেছেন যে, হ্যাশট্যাগ মূলত সার্চ বা অনুসন্ধানে সহায়তা করে, এটি সরাসরি রিচ বাড়ায় না। তাই কনটেন্ট নির্মাতাদের উচিত হ্যাশট্যাগের পেছনে না ছুটে দর্শকদের পছন্দের মানসম্মত কনটেন্ট তৈরির দিকে মনোযোগ দেওয়া।
অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন ফিচার: হ্যাশট্যাগের সীমাবদ্ধতার পাশাপাশি ‘ইওর অ্যালগরিদম’ (Your Algorithm) নামে নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিলস ট্যাবে কী ধরনের ভিডিও দেখতে চান, তা আরও সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। রিলস ট্যাবের ডান পাশে থাকা একটি বিশেষ আইকনে ট্যাপ করলে ব্যবহারকারী জানতে পারবেন ইনস্টাগ্রাম তার জন্য কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে এবং সেখানে পরিবর্তন আনার সুযোগও থাকছে।
উল্লেখ্য, মাসখানেক আগেই ইনস্টাগ্রাম ‘ফলো হ্যাশট্যাগ’ অপশনটি সরিয়ে নিয়েছে। এসব পরিবর্তনের মাধ্যমে প্ল্যাটফর্মটিকে আরও পরিচ্ছন্ন এবং প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে মেটা।
-এম. এইচ. মামুন










