নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য পেতে ৩৩৩-এ বিশেষ সেবা চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নাগরিকদের জন্য নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এবং এটুআইয়ের উদ্যোগে এ সেবাটি চালু করা হয়, যার লক্ষ্য নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা।

দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল-ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ চাপলে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সহায়তা পাওয়া যাবে। এই সেবার আওতায় ভোটাররা ভোট দেওয়ার নিয়ম-কানুন, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি এবং প্রবাসী ভোটারদের ভোট প্রদানের পদ্ধতি জানতে পারবেন।

এ ছাড়া প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা, জরুরি নির্দেশনা এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কেও তথ্য দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত Smart Election Management BD ও Postal Vote BD অ্যাপ ব্যবহারের নির্দেশনাও এই সেবার মাধ্যমে জানা যাবে।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবা থেকে ইতোমধ্যে এক হাজারের বেশি নাগরিক প্রয়োজনীয় তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ ও সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তের ক্ষেত্রেও ৩৩৩-এর এই সেবাকে সহায়ক মাধ্যম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুমের বিকল্প নয়। বরং একটি তথ্য গ্রহণ, প্রাথমিক সতর্কতা ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর ব্যবস্থার অংশ হিসেবে কাজ করবে। প্রয়োজন হলে প্রাপ্ত তথ্য ৯৯৯ বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এই উদ্যোগ নির্বাচনকে ঘিরে গুজব, বিভ্রান্তি ও ভুল তথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

সূত্র: টেকজুম

সাবরিনা রিমি/