ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে নেওয়া হয়। সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, লঞ্চ সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চাঁদপুর ট্রাফিক পরিদর্শক বাবুলাল বৈদ্য বলেন, ঘটনাস্থলে একজন নিহত হন এবং পরে আরও একজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বাবুলাল বৈদ্য আরও জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে এর সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর এমভি কর্ণফুলী-৯ লঞ্চের মাধ্যমে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।
সাবরিনা রিমি/










