নকলের ভিডিওতে ধরা পড়ে কুমিল্লার কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র বন্ধ

নকলের অভিযোগে কুমিল্লার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র স্থগিত করা হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষার সময় প্রকাশ্য নকলের ভিডিও পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা আদেশে জানানো হয়েছে, নকলমুক্ত পরিবেশ না থাকায় কেন্দ্রটি বন্ধ করে সব পরীক্ষা কুমিল্লা সদর উপজেলার ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসায় (কেন্দ্র কোড ৩২২০) স্থানান্তর করা হয়েছে। স্থগিত কেন্দ্রের পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র, নথিপত্র ও হিসাব ২৪ ডিসেম্বরের মধ্যে নতুন কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

কেন্দ্রটির অধ্যক্ষকে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সকল প্রার্থীকে দ্রুত বিষয়টি জানাতে বলা হয়েছে এবং পরবর্তী পরীক্ষাসমূহ নতুন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।