প্রাথমিকের বই প্রস্তুত শতভাগ, শঙ্কা মাধ্যমিকে: অষ্টম শ্রেণির ৯০% বই বাকি

নতুন শিক্ষাবর্ষ শুরুর বাকি আর মাত্র এক সপ্তাহ। এর মধ্যেই সুখবর হলো প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবই প্রস্তুত এবং সরবরাহ সম্পন্ন হয়েছে। তবে দুশ্চিন্তা কাটছে না মাধ্যমিক স্তর নিয়ে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্যমতে, মাধ্যমিকের, বিশেষ করে অষ্টম শ্রেণির প্রায় ৯০ শতাংশ বই এখনো সরবরাহ করা সম্ভব হয়নি।

বুধবার (২৪ ডিসেম্বর) এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান স্বাক্ষরিত এক পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

এনসিটিবি সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিকে ৮ কোটি ৫৯ লাখ এবং মাধ্যমিকে ২১ কোটি ৪৩ লাখ কপি বই ছাপানো হচ্ছে। প্রাথমিকের সব বই পৌঁছে গেলেও মাধ্যমিকে গড় সরবরাহ এখনো আশানুরূপ নয়।

এনসিটিবির তথ্য অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ অবস্থা অষ্টম শ্রেণির বইয়ের। এই শ্রেণিতে ৪ কোটি ২ লাখ বইয়ের বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র ৯.৮৬ শতাংশ। অর্থাৎ, ৯০ শতাংশের বেশি বই এখনো শিক্ষার্থীর হাতে পৌঁছানোর অপেক্ষায়। এছাড়া সপ্তম শ্রেণিতে সরবরাহের হার মাত্র ৩১.০৩ শতাংশ।

তবে নবম ও ষষ্ঠ শ্রেণির অবস্থা তুলনামূলক ভালো। নবম শ্রেণিতে ৬৮.১৪ শতাংশ এবং ষষ্ঠ শ্রেণিতে ৬৬.৩৫ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। অন্যদিকে, ইবতেদায়ি স্তরের ৯৩.২৭ শতাংশ বই ইতিমধ্যে সরবরাহ সম্পন্ন হয়েছে।

এনসিটিবি কর্মকর্তারা বলছেন, বাকি সময়ে দ্রুত বই পৌঁছানোর চেষ্টা চলছে, তবে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই পাবে কি না, তা নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে।