জাবিতে আজ ছাত্রীদের ‘ডি’ ইউনিটের ভর্তি যুদ্ধ, প্রতি আসনে লড়ছেন ২২৭ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদ বা ‘ডি’ ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দিনের শেষ পাঁচটি শিফটে।

ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে তীব্র প্রতিযোগিতা হচ্ছে এই ‘ডি’ ইউনিটে। অনুষদটির ৩১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭০ হাজার ২২০টি। প্রতিটি আসনের জন্য মেধা তালিকায় জায়গা পেতে লড়ছেন প্রায় ২২৭ জন শিক্ষার্থী, যা এবারের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি সর্বোচ্চ প্রতিযোগী।

সরেজমিনে দেখা গেছে, পরীক্ষা উপলক্ষে আজ ভোর সাড়ে ৬টা থেকেই ক্যাম্পাসে ভিড় করতে শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। পরীক্ষা চলাকালীন স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, মুঠোফোন, ক্যালকুলেটর বা মেমোরি কার্ডযুক্ত যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।

ভর্তি পরীক্ষার পরবর্তী সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর ‘এ’ ইউনিটের আংশিক এবং আইবিএ-জেইউ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বাকি অংশের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি কার্যক্রম। উল্লেখ্য, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ বা ‘এ’ ইউনিটে ৪২৬টি আসনের জন্য আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন (আসনপ্রতি ১৪২ জন)। অন্যদিকে আইবিএ-তে ৫০ আসনের বিপরীতে লড়বেন ৫ হাজার ৪১১ জন (আসনপ্রতি ১০৮ জন)। তবে তুলনামূলক কম প্রতিযোগিতা হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে, যেখানে ৩২৬ আসনের বিপরীতে আবেদনকারী ২০ হাজার ৫৮৩ জন।

অর্ণব চাকমা/