ব্যক্তিগত জীবনে সাম্প্রতিক সময়ে বড় ধাক্কার মধ্য দিয়ে গেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। প্রায় দুই বছরের সম্পর্ক শেষ হয়েছে আদিত্য রায় কাপুরের সঙ্গে। যদিও গুঞ্জন রয়েছে, বর্তমানে ওয়াকার ব্লাঙ্কো নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছে। তবে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনা খোলামেলা ভাবে তুলে ধরেন অনন্যা। তাঁর কথায়, প্রেমের ক্ষেত্রে তিনি পুরোপুরি ‘ওল্ড স্কুল’। নব্বইয়ের দশকের মতো ধীরে গড়ে ওঠা, গভীর অনুভূতির সম্পর্কেই বিশ্বাস করেন তিনি। আজকের দিনে দ্রুত প্রেমে পড়া ও দ্রুত সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবণতা তাঁর সঙ্গে যায় না বলেই জানান অভিনেত্রী।
অনন্যার কাছে পরিবারই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। তাই সম্পর্কের ক্ষেত্রেও তিনি পারিবারিক বন্ধনের গুরুত্ব দেন। সাক্ষাৎকারে অনন্যা বলেন, তিনি পরিবার ভালোবাসেন এবং চান তাঁর সঙ্গীর পরিবারও যেন তাঁর নিজের পরিবারের মতো হয়ে ওঠে। একসঙ্গে সময় কাটানো, কাছাকাছি থাকা তাঁর ভালো লাগে। ২০২৫ সালের তথাকথিত ‘হুকআপ কালচার’-এ তিনি বিশ্বাসী নন বলেও স্পষ্ট করেন।
এর আগেও নিজের আবেগপ্রবণ স্বভাবের কথা একাধিকবার জানিয়েছেন অনন্যা। অল্পতেই তাঁর চোখে জল চলে আসে। তাই প্রেমিকের কাছে তাঁর চাওয়াও খুব সাধারণ। তাঁর মতে, সমস্যার সমাধান নয়, বরং মন দিয়ে শোনা আর একটি নির্ভরযোগ্য কাঁধই তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন। শক্ত কাঁধে মাথা রেখে নিজের মন হালকা করতে পারাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় কাটছে অনন্যার। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। উল্লেখ্য, এক সময় কার্তিকের সঙ্গেও অনন্যার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, যা তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
অবি/










