অভিনয় ভালোবাসি, তাই কাজ করে যাচ্ছি

মেহেরান সানজানা। ছোট পর্দায়, সিনেমায়, মঞ্চে অভিনয় করছেন। কাজ করেছেন বিজ্ঞাপনেও। স্বপ্ন দেখেন নিজের নাটকের দল করার। ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেন আলোকিত স্বদেশের সাথে

সাম্প্রতিক সময়ে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?
দুটি শর্টফিল্মের কাজের জন্য প্রস্তুত হচ্ছি। দুটোই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাবে। দেশের পরিস্থিতির জন্য আপাতত কাজ কম হচ্ছে তাই ব্যস্ততাও কম।

অভিনয়ের আসার পেছনের কারন জানতে চাই?
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিলো। ভালোবাসা ছিলো। কিন্তু পড়াশোনার জন্য সঠিক বয়সে অভিনয় করতে পারিনি তবে সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান ছোট থেকেই করেছি। এর পর বিয়ে, সংসার জীবন শুরু। সংসার জীবন থেকেই অভিনয় করা শুরু করেছি। আমার হাজবেন্ড শতাব্দী ভব, সে নিজেই আমাকে উৎসাহ দিয়েছে। সেই থেকে থিয়েটার করছি।

মিডিয়াতে প্রথম কাজ কি ছিল?
ভিজুয়াল কাজ শুরু হয় বিজ্ঞাপন এবং সিনেমা দিয়ে। প্রথম করি জামাল মল্লিকের ‘সোনাভান’ নাটকে। এরপর দুরন্ত টিভিতে ‘টুমলু’ নাটক, শিহাব শাহীন ভাইয়ের ‘এ্যারেঞ্জ ম্যারেজ’ ইত্যাদি।

সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা আছে?
সিনেমাতেই বেশি ডাক পেয়েছি। সিনেমা আমার কাছে বড় প্লাটফর্ম মনে হয়। মানুষ অভিনয় শিল্পীকে মনে রাখে সিনেমা দিয়ে। এখন অবশ্য ওটিটি এসেছে। ওটিটি থেকেও শিল্পীরা দর্শকের মন জয় করেছে।

মঞ্চে কাজের অভিজ্ঞতা কেমন?
হ্যা, আমি মঞ্চের মানুষ। মঞ্চে অভিনয়টাই তো আসল। মঞ্চ আমার কাছে উপসনালয়।

নাটকের ভিউ প্রসঙ্গে জানতে চাই?
এখন তো কাজ করা অনেক সোজা। সত্যি বলতে কিছু প্রডিউসার, ডিরেক্টররা ফলোয়ার দেখে কাস্ট করে। যার যতো ফলোয়ার তাকে দিয়ে কাজ করায়। তারপরও চ্যালেঞ্জিং তো আছেই। একটা চরিত্র কে ধারণ করা চারটি খানা কথা না। একটা গল্প, চরিত্র কে পড়তে এবং ধারণ করতে পারে একজন প্রকৃত শিল্পী। তরুণদের জন্য শুভ কামনা রইলো।

ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কোন কাজ মনে হয়?
দেখেন আমি আসলে ক্যারেকটার আর্টিস্ট। ক্যারেকটার আর্টিস্টদের টার্নিং পয়েন্ট আসাটা খুব কঠিন। তারউপর আমার গায়ের রং একটা ফ্যাক্ট, যেটা ডিরেক্টর কাজে লাগাতে পারেনি। হয়তো তাদের নজরে আমি পরিনি। টার্নিং পয়েন্ট নিয়ে ভাবি না। অভিনয় ভালোবাসি, তাই কাজ করে যাচ্ছি। তবে একটা সিনেমায় কাজ করেছিলাম, সেটা রিলিজ হলে টার্নিং পয়েন্ট আসতো কিন্তু দেশের পরিস্থিতির জন্য সিনেমাটি রিলিজ দেয়া সম্ভব হয়নি।

চরিত্র বাছাইয়ে কোন বিষয়কে প্রাধান্য দেন?
চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আমি দেখি চরিত্রের গভীরতা কতটুকু! এই চরিত্রে আমি আনকমন কি করতে পারি যেটাতে দর্শক আনন্দ পাবে, বা দর্শক রিলেট করতে পারবে। চরিত্র নিয়ে আমি খেলতে পারবো কিনা! সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

মাহমুদ সালেহীন খান