কেজিএফ’ খ্যাত সহকারী পরিচালক কীর্তন নাদাগৌড়ার চার বছরের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।
মাত্র এক মাস আগেই ছোট্ট ছেলের সঙ্গে হ্যালোউইন উদযাপনের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন কীর্তন। সেই আনন্দঘন স্মৃতির রেশ কাটতে না কাটতেই লিফট দুর্ঘটনায় প্রাণ হারায় তাঁর শিশুপুত্র চিরঞ্জীবী সোনার্শ নাদাগৌড়া।
বৃহস্পতিবার এই দুঃসংবাদের কথা জানিয়ে শোকপ্রকাশ করেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। শোকবার্তায় তিনি লেখেন, “পরিচালক কীর্তন নাদাগৌড়ার পুত্রের অকালপ্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের ওপর নেমে আসা এই ভয়াবহ বিপর্যয়ে গোটা দক্ষিণী চলচ্চিত্র জগৎ শোকস্তব্ধ। সোনার্শের এমন অকালমৃত্যু হৃদয়বিদারক। ঈশ্বর কীর্তন ও তাঁর স্ত্রী সমৃদ্ধিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।”
জানা গেছে, বাবা-মায়ের অজান্তেই খেলতে খেলতে লিফটে ঢুকে পড়ে শিশুটি। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত উদ্ধার অভিযান চালানো হলেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তিন দিন আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, ‘কেজিএফ’ সিনেমার সাফল্যের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কীর্তন নাদাগৌড়া। দীর্ঘদিন ধরে তিনি কন্নড় চলচ্চিত্রের নির্দেশনা বিভাগের সঙ্গে যুক্ত। পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে ‘কেজিএফ’ ও ‘সালার’-এর মতো একাধিক বড় বাজেটের ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।
কন্নড় ইন্ডাস্ট্রিতে কাজের পর তেলুগু সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন কীর্তন। প্রশান্ত নীল প্রযোজিত একটি ভৌতিক সিনেমার মাধ্যমেই তাঁর নতুন যাত্রা শুরু হওয়ার কথা ছিল। ঠিক তার আগেই জীবনে নেমে এলো এই চরম ব্যক্তিগত বিপর্যয়।
অবি/










