তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছেন?

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। খালেদা জিয়াকে দেখতে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন বলে নানা মহলে আলোচনা চলছে। তাদের প্রশ্ন, তারেক রহমান কি সত্যিই দেশে ফিরছেন?

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি আসবেন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, খুব শিগগির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

এদিকে, সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে, তিনি দেশে ফিরছেন।

তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি পুরোনো। চলতি বছরের জুন মাসে স্ত্রী ডা. জুবাইদা রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তারেক রহমান তাকে বিমানবন্দরে স্বাগত জানান। ভিডিওটি সে সময় ধারণ করা।

এর আগে, শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, ‘সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে।’ তিনি এ-ও বলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’