ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়ানো হবে চলাচলের সময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের দিন রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ওই দিন মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলাকালে মেট্রোরেলের নিয়মিত সময়সূচি বহাল থাকবে। একই সঙ্গে ভোটকেন্দ্রে যাতায়াতে বাড়তি চাপ সামাল দিতে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে।

বর্তমানে কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রো ট্রেন ভোর ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ১ মিনিটে মতিঝিলের উদ্দেশে যাত্রা করে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ও শেষ ট্রেন রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায়।

ডিএমটিসিএল জানায়, ভোটের দিন এই সময়সূচি অপরিবর্তিত থাকবে, তবে যাত্রী চাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে।

-সাবরিনা রিমি