আগামী ২ মার্চ পালিত হওয়ার কথা ছিল ৮ম জাতীয় ভোটার দিবস। দিনটি উদযাপন উপলক্ষে সারা দেশে ৫৭০টি কমিটি গঠন করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে শেষ মুহূর্তে সব কর্মসূচি স্থগিতের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে কেন্দ্রীয় কর্মসূচিসহ স্থানীয় পর্যায়ের সব আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়। ভোটার দিবস উপলক্ষে গঠিত কমিটির আহ্বায়ক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এ নির্দেশনা পৌঁছে গেছে।
ইসির উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ঘোষিত সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
কর্মসূচি স্থগিতের কারণ জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনকে ঘিরে ব্যস্ততার কারণে বড় পরিসরে আয়োজন গুছিয়ে তোলা সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও বড় পরিসরে ভোটার দিবস উদযাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রতি বছর কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা, র্যালি, শোভাযাত্রা এবং নতুন ভোটারদের মাঝে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। এ বছরও একই ধরনের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে নির্বাচন সংশ্লিষ্ট কাজের চাপ বাড়ায় শেষ পর্যন্ত কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় কমিশন।
এ বিষয়ে পরবর্তী নির্দেশনা কবে দেওয়া হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন।##
_এজাজ আহম্মেদ/মামুন










