জন্মদিনের আনন্দে হঠাৎ অসুস্থ সঞ্জয় লীলা বানসালি

বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালি-কে ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল তার অসুস্থতার খবরে। গত ২৪ ফেব্রুয়ারি ছিল এই নন্দিত পরিচালকের ৬৩তম জন্মদিন। তবে আনন্দঘন সেই মুহূর্তের মধ্যেই হঠাৎ শারীরিক অস্বস্তি অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে থাকা অবস্থায় তিনি অসুস্থ বোধ করলে দ্রুত মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে কেউ কেউ দাবি করেন, তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

তবে এই দাবিকে পুরোপুরি নাকচ করেছে  বানসালি পরিবার। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিন্তার কোনো কারণ নেই। রুটিন চেকআপের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

এদিকে পরিচালকের ঘনিষ্ঠ এক বন্ধুও জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ভিত্তিহীন। বর্তমানে সঞ্জয় লীলা বানসালি  নিজের বাসাতেই বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

-বিথী রানী মণ্ডল