সালমানের আগে ঐশ্বরিয়ার জীবনে ছিলেন এক সুপারমডেল

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমন খান ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ আজও ফুরোয়নি। সময় অনেক পেরিয়ে গেছে, দু’জনেই নিজেদের জীবনে ভিন্ন ভিন্ন পথে অনেক দূর এগিয়ে গেছেন। তবু এই দুই তারকার প্রেম, বিচ্ছেদ ও সেই সময়ের টানাপোড়েন আজও বলিউডের আলোচনায় বারবার ফিরে আসে। সম্প্রতি এমনই এক আলোচনায় ঐশ্বরিয়ার পুরনো সম্পর্কের নানা অজানা দিক সামনে এনেছেন প্রযোজক-পরিচালক শৈলেন্দ্র সিং।

সে সময় ঐশ্বরিয়া থাকতেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের আবাসনে। সালমন নিয়মিত সেখানে যাতায়াত করতেন, আর সেই যাতায়াত ঘিরে ইন্ডাস্ট্রির অন্দরমহলে নানা গুঞ্জন ছড়াত। শৈলেন্দ্র জানান, এই কাহিনি অনেকেই জানেন, তবে সবকিছু প্রকাশ্যে আসেনি। তিনি আরও বলেন, সালমনের আগেও ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে তার কিছুটা ধারণা ছিল, যদিও ঐশ্বরিয়ার সঙ্গে তার কখনও ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠেনি।

একসময় সালমন খান ও ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক খুব কাছ থেকে দেখেছেন শৈলেন্দ্র। সালমনের সঙ্গে তখন তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, যদিও এখন সেই সম্পর্ক আর নেই। সময়ের সঙ্গে দূরত্ব তৈরি হলেও স্মৃতিগুলো আজও তাকে নাড়া দেয়। এক সাক্ষাৎকারে শৈলেন্দ্র বলেন, সালমন ও ঐশ্বরিয়ার সম্পর্ক ছিল প্রবল আবেগে ভরা, যা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। তার ভাষায়, এটি ছিল এক ধরনের “হিংস্র প্রেমের কাহিনি”, যেখানে ভালোবাসার পাশাপাশি ছিল তীব্র মানসিক সংঘাত।

পরিচালক শৈলেন্দ্র সিং ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার প্রেমের কাহিনি নিয়েও কথা বলেন। তার মতে, ঐশ্বরিয়া কখনও অতিরিক্ত সম্পর্কে জড়াননি, এমন ধারণা সঠিক নয়। বরং তিনি সবসময় নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চেয়েছেন। প্রচারের আলো থেকে দূরে থেকে সম্পর্ক সামলানোই ছিল তার পছন্দ। তাই অনেক সম্পর্ক নিয়েই প্রকাশ্যে খুব বেশি আলোচনা হয়নি।

শৈলেন্দ্র জানান, সালমন খানের আগে ঐশ্বরিয়া সম্ভবত সুপারমডেল রাজীব মুলচান্দানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্ক নিয়ে তখন খুব বেশি চর্চা হয়নি। মিডিয়ার নজর এড়িয়ে সেই সম্পর্ক নীরবেই শেষ হয়ে যায়। এরপর সালমনের সঙ্গে সম্পর্ক শুরু হলেও নানা কারণে তা ভেঙে যায়, যা দু’জনের জীবনেই গভীর প্রভাব ফেলে।

বিথী রানী মণ্ডল/