চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা সুপার এইট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত করেছে। ইংল্যান্ডের কাছে হারের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও পরাজিত হয়েছে তারা। লঙ্কানদের বিপক্ষে ৬১ রানের বড় জয়ে কিউইরা পাকিস্তানকে আরও চাপে ফেলে দিয়েছে। ফলে সালমান আগা ও শাহিন আফ্রিদিদের সেমিফাইনালে ওঠার সমীকরণ আরও কঠিন হয়ে পড়েছে।
কলম্বোয় গতকাল (বুধবার) স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাঝপথে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ১৬৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ২৬ বলে ৪৭ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে দাসুন শানাকার দলকে দাঁড়াতেই দেননি ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র। রাচিন চারটি এবং হেনরি দুটি উইকেট নিলে শ্রীলঙ্কা ২০ ওভারে মাত্র ১০৭ রান তুলতে সক্ষম হয়।
এই জয়ে সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ করেছে নিউজিল্যান্ড। যদিও এখনো তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়নি, তেমনি পাকিস্তানের বিদায়ও চূড়ান্ত নয়। একটি প্রতিদ্বন্দ্বী (শ্রীলঙ্কা) ছিটকে যাওয়ায় লড়াই এখন তিন দলের মধ্যে সীমিত। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সে ম্যাচে কিউইরা জিতলে পাকিস্তানের সামনে আর কোনো সমীকরণ থাকবে না; ৫ পয়েন্ট নিয়ে তারা উঠে যাবে শেষ চারে।
অন্যদিকে, সুপার এইটে পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ফেব্রুয়ারি। আগের দিন নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারায়, তবে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচটি কেবল নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হবে। তবে নিউজিল্যান্ড হারলেও পাকিস্তানের কাজ সহজ হবে না। তাদেরও শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাবে পাকিস্তান। তখন নির্ধারক হবে নেট রানরেট। পাকিস্তানকে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের বড় ব্যবধানে হার কামনা করতে হবে।
এদিকে পাকিস্তানের সামনে আরেকটি শঙ্কা রয়েছে। বিরূপ আবহাওয়া বা বৃষ্টির কারণে ইংল্যান্ড–নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দল এক পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের (৫) পাশাপাশি ৪ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডও সেমিফাইনালে উঠে যাবে। কারণ পাকিস্তান শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট তিনের বেশি হবে না। আবার পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও তাদের আশা শেষ হয়ে যাবে। তখন নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হারলেও সেমিফাইনালে উঠতে বাধা থাকবে না।
এ ছাড়া দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে নেট রানরেটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ক্রিকেট পরিসংখ্যান নিয়ে কাজ করা মাজহার আরশাদের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড যদি ২০ রানে হারে, তবে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৫০ রানে জিততে হবে। অর্থাৎ, কিউইদের হারের ব্যবধান যত কম হবে, পাকিস্তানকে তত বড় ব্যবধানে জিততে হবে।
এখন পর্যন্ত সুপার এইটের দ্বিতীয় গ্রুপের চারটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচে দুই জয় নিয়ে ৪ পয়েন্টসহ সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ এবং নেট রানরেট +৩.০৫০। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ১, নেট রানরেট –০.৪৬১। ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য।
-এমইউএম










