ফাইনালের আগে সৌদিতে এমবাপ্পে, এল ক্লাসিকোতে খেলা নিয়ে শঙ্কা

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল সামনে রেখে সৌদি আরবে পৌঁছেছেন কিলিয়ান এমবাপ্পে। পায়ের চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকলেও তাকে নিয়ে সৌদি আরব সফরে গেছে রিয়াল মাদ্রিদ।

গতকাল (শুক্রবার) মাদ্রিদে দলের সঙ্গে ট্রেনিং সেশন শেষ করেই স্পেন ছাড়েন ফরাসি এই তারকা। সৌদি আরবে পৌঁছে ভক্তদের সঙ্গে সালাম বিনিময় করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংক্ষিপ্ত পোস্টে এমবাপ্পে লেখেন, ‘সালাম আলাইকুম সৌদি আরব’। রোববার বাংলাদেশ সময় রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এমবাপ্পের ফিটনেসই এখন রিয়াল শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয়। বাঁ হাঁটুর লিগামেন্টের চোটে গত ডিসেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। যদিও গত এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ৫৯ গোল করে লিগ মৌসুমের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন এই ফরোয়ার্ড। চলতি লা লিগায় একটি ম্যাচ ও সুপার কাপের সেমিফাইনালে তাকে ছাড়াই খেলতে হয়েছে রিয়ালকে।

চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রিয়াল মাদ্রিদ বেশ সতর্ক অবস্থান নিয়েছে। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত সাড়া দিচ্ছেন এমবাপ্পে। দলের প্রধান কোচ জাবি আলোনসো জানিয়েছেন, ফাইনালের আগে স্কোয়াডের অন্য সদস্যদের মতোই এমবাপের শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে। এতে বড় মঞ্চে তার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত অক্টোবরে এমবাপের একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে কাতালান জায়ান্টরা—শেষ ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে তারা। সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের আগে রিয়ালকে শক্ত বার্তা দিয়েছে বার্সা।

সুপার কাপের ফাইনালে এটি রিয়াল ও বার্সেলোনার টানা চতুর্থ মুখোমুখি লড়াই। আগের তিনবারের দেখায় দুইবারই শিরোপা জিতেছে কাতালানরা। এবার এমবাপের সম্ভাব্য প্রত্যাবর্তনে এল ক্লাসিকোর উত্তেজনা পৌঁছেছে নতুন উচ্চতায়।

-এমইউএম