ঢাবি টিএসসিতে লাঠি হাতে নারী হেনস্তা, তদন্তে কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ভোররাতে এক তরুণীকে লাঠি হাতে তেড়ে গিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঘটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

ভাইরাল ভিডিওতে যা দেখা যায়
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণ লাঠি হাতে এক তরুণীর দিকে তেড়ে আসছেন এবং তাকে অশালীন ভাষায় আক্রমণ করছেন। ভুক্তভোগী তরুণীকে এসময় কাঁদতে কাঁদতে বিচার চাইতে দেখা যায়।

অভিযুক্ত তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ রাকিব বলে তার সহপাঠীরা শনাক্ত করেছেন। ভিডিওতে শাহরিয়ার তুষার নামে থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের আরেক ছাত্রকেও দেখা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ
ভিডিওতে ভুক্তভোগী তরুণী জানান, তারা পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন। এসময় ওই ছাত্ররা তাদের হেনস্তা করে এবং ‘প্রোস্টিটিউট’ বলে সম্বোধন করে। ক্ষোভ প্রকাশ করে ওই তরুণীকে বলতে শোনা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ না। বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই আমাদের মারে।”

বিশ্ববিদ্যালয় ও পুলিশের বক্তব্য
এ বিষয়ে শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন মিয়া বলেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “আমরা ভিডিওটি দেখেছি এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।”

মোঃ আশরাফুল আলম