চাঁদা না দেওয়ায় কারখানায় হামলা, প্রতিবাদ জানাল জামায়াত

চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় হামলা ও ট্রাক এনে পণ্য লুটের ঘটনার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বুধবার বিবৃতিতে বলেছেন, এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল রহমান হুমায়ুনের নাম এসেছে। জড়িতদের দলীয় পরিচয় যাই হোক তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তা মনোয়ার হোসেনে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজে সন্ত্রাসীরা হামলা করে কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চাঁদার জন্য এ ধরনের ন্যক্কারজনক হামলা শিল্পখাত, বিনিয়োগ পরিবেশ ও কর্মসংস্থানের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা দেশে আইনের শাসন ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তোলে। তাই সরকারকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।

-সাইমুন