কিছু কর্মকর্তার বিক্ষোভের মুখে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বুধবার ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগ দিয়েছে সরকার। এরপর বিএনপিপন্থি সবুজ দলের সক্রিয় দুই কর্মকর্তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ থেকে জোরপূর্বক বদলি করা হয়। একইসঙ্গে নীল দলের তিন কর্মকর্তার ঢাকার বাইরে বদলি আদেশ প্রত্যাহার করা হয়েছে।
কিছু কর্মকর্তার ‘মবে’র মুখে মানবসম্পদ উন্নয়ন বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর ড. কবির আহম্মদ ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ আদেশে সই করতে বাধ্য হন বলে জানা গেছে। মানবসম্পদ উন্নয়ন বিভাগের নিয়মিত দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরি দেশের বাইরে আছেন।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর কিছু কর্মকর্তা এমন পরিবেশ তৈরি করেন যেন ড. আহসান এইচ মনসুর নিজ থেকে পদত্যাগ করে চলে যান। সরকারের সাথে সংশ্লিষ্ট প্রভাবশালী একটি পক্ষের ইন্ধনে এই পরিবেশ তৈরি করার খবর ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় ব্যাংকে। এর মধ্যে গভর্নরকে স্বৈরাচার আখ্যা দিয়ে গত ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা। সেখানে পাঁচ ব্যাংক একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ, চুক্তিভিত্তিক উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন ইস্যুতে গভর্নরকে স্বৈরাচার আখ্যা দিয়ে বক্তব্য দেন তিন কর্মকর্তা।
চাকরিবিধি লঙ্ঘন করে এভাবে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ঘটনায় আইনজীবির মতামত নিয়ে নীল দলের সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা, নীল দলের হয়ে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণকে প্রথমে গত রোববার শোকজ করা হয়। এরপর গত মঙ্গলবার তাদের ঢাকার বাইরে বদলি করা হয়। তবে বুধবার বিকেলে বদলি আদেশ প্রত্যাহার করে স্ব-স্ব বিভাগে পুনর্বহাল করা হয়েছে।
অন্যদিকে, বিএনপিপন্থি কর্মকর্তা হিসেবে পরিচিত দুই কর্মকর্তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মো. বায়েজীদ সরকারকে মতিঝিল অফিসে বদলি করা হয়েছে। আর মানবসম্পদ বিভাগের পরিচালক মো. জবদুল ইসলামকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে পাঠানো হয়েছে। এছাড়া গভর্নরের পিএসের দায়িত্বপালনকারী অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে বদলি করে সদরঘাট অফিসে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তারা এসব বিভাগে নিয়োগ পান।
নতুন করে মতিঝিল অফিস থেকে গাজী মো. মাহফুজুল ইসলামকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আনা হয়েছে। আর আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে মো. শহীদ রেজাকে মানবসম্পদ বিভাগে দেওয়া হয়েছে।
-সাইমুন










