ম্যাককালামের সিদ্ধান্তে, তিন নম্বরে নেমেই প্রথমবার সেঞ্চুরি হাঁকালেন ব্রুক

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে তিন নম্বরে ব্যাট করার বিষয়টি বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইক আথারটন ধারাভাষ্যে বারবার বলছিলেন, তিন নম্বর পজিশনই হওয়া উচিত হ্যারি ব্রুকের। সেই আলোচনা বাস্তবে প্রমাণ হয়ে গেল, যখন প্রথমবার তিন নম্বরে নেমেই সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচ শেষে ব্রুক জানান, তাকে তিন নম্বরে নামানোর সিদ্ধান্তটি নিয়েছেন প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই ফিল সল্ট আউট হলে ক্রিজে নামেন ব্রুক। পাওয়ার প্লেতে ফিরে যান জস বাটলার ও জেকব বেথেল, পরে টম ব্যান্টন আউট হলে অষ্টম ওভারে ইংল্যান্ডের রান দাঁড়ায় ৪ উইকেটে ৫৮। এখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ব্রুক।

৬০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার তিন নম্বরে নেমে ব্রুক ৫১ বলে ১০০ রান করেন, যার মধ্যে ছিল ১০টি চার এবং ৪টি ছক্কা। তার এই ইনিংসে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে এবং ম্যাচে দারুণ জয় তুলে নেয়।

ব্রুক এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েন, কোনো ইংল্যান্ড অধিনায়কের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে তার প্রথম বিশ্বকাপ শতরান।

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে ব্রুক বলেন, “আজ সকালে ম্যাককালাম এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে মাস্টারমাইন্ড তিনিই। পরিকল্পনা কাজ করেছে, সৌভাগ্যবশত আজ।” তিনি আরও জানান, “পাওয়ার প্লে আরও কার্যকরভাবে কাজে লাগানোই লক্ষ্য ছিল। আমি শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছি।”

পাকিস্তানের বিপক্ষে ব্রুকের রেকর্ড বরাবরই উজ্জ্বল। টেস্টে ৬ ম্যাচে করেছেন ৪ সেঞ্চুরি, যার মধ্যে রয়েছে একটি ট্রিপল সেঞ্চুরি। টি-টোয়েন্টিতেও আগের ১০ ম্যাচে তার গড় রান ছিল ৫৫-এর বেশি এবং স্ট্রাইক রেট ১৫০-এর ওপর।

ব্রুক যোগ করেন, তিন নম্বরে ব্যাট করার ভাবনা তার নিজের মধ্যেও ছিল এবং ভবিষ্যতে ইংল্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুই জায়গাতেই এই পজিশনে স্থায়ী হতে চান তিনি।

-এমইউএম