পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্তিতে এক বিশেষ বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত খুনি ও নেপথ্যের কারিগরদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ দাবি জানান।
চরমোনাই পীর তার বার্তায় উল্লেখ করেন যে, পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা। তিনি অভিযোগ করেন, “এতগুলো বছর পার হলেও এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হয়নি। এর পেছনে কারা জড়িত এবং কোন হীন স্বার্থে এই বর্বরতা চালানো হয়েছে, তা আজও জাতির কাছে স্পষ্ট নয়।”
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ২০০৯ সালের পর অনেক সময় অতিবাহিত হয়েছে এবং এ বিষয়ে আর সময়ক্ষেপণ করার সুযোগ নেই। তিনি দ্রুততার সঙ্গে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান।
একটি স্বাধীন দেশের রাজধানীতে এত বিপুল সংখ্যক সেনা কর্মকর্তার মৃত্যু বিরল ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। বার্তায় তিনি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও অন্যান্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
–লামিয়া আক্তার










