সাতবারের মিস্টার ইন্ডিয়া মায়াঙ্কের মৃত্যু

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’ এবং সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ জয়ী ফিটনেস তারকা মায়াঙ্ক পাওয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স মাত্র ৩৭ বছর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) মায়াঙ্কের টিম সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে জানায়, “একজন ভাই, একজন চ্যাম্পিয়ন, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের প্রেরণা মায়াঙ্ক চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

মৃত্যুর কারণ এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। তার আকস্মিক বিদায়ে ফিটনেস দুনিয়া এবং রিয়েলিটি শো অনুরাগীরা গভীর শোকের ছায়ায়। মায়াঙ্ক শুধুমাত্র টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন না, তিনি বডি বিল্ডিং জগতেও অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’খেতাব জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

তারকা খ্যাতি পান ‘স্প্লিটসভিলা’এর সপ্তম আসরে অংশ নেওয়ার মাধ্যমে। মায়াঙ্ক ছিলেন উদ্দীপনা, শৃঙ্খলা এবং পরিশ্রমের উদাহরণ। তিনি তরুণ ফিটনেস প্রফেশনালদের জন্য মেন্টর হিসেবে কাজ করেছেন এবং অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার বিদায়ের পরে অনুরাগীরা তাকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করছেন।

ফিটনেস জগতের এই উজ্জ্বল নক্ষত্রের আকস্মিক বিদায় ভারতীয় টেলিভিশন ও বডি বিল্ডিং সম্প্রদায়ে শূন্যতা তৈরি করেছে। মায়াঙ্কের স্মৃতি তার অনুপ্রেরণা, নৈতিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে।

-বিথী রানী মণ্ডল