সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আরার শহরের কাছে মরুভূমির একটি গুহা থেকে প্রাকৃতিকভাবে সংরক্ষিত সাতটি চিতার মমি উদ্ধার করেছেন গবেষকরা। ন্যাশনাল সেন্টার ফর ওয়াইল্ডলাইফ-এর বিজ্ঞানীরা ২০২২ ও ২০২৩ সালে বন্যপ্রাণী জরিপ চলাকালীন এ আবিষ্কার করেন।
মমিগুলোর কঙ্কাল ও নরম কোষ শুষ্ক পরিবেশে প্রাকৃতিকভাবে সংরক্ষিত থাকায় অত্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে, সৌদি আরবে একসময় শুধুমাত্র এশীয় চিতাই ছিল এমন ধারণা ভুল; বরং উত্তর-পশ্চিম আফ্রিকান চিতারও বিচরণ এখানে ছিল।
গবেষক দলের প্রধান আহমেদ আল বৌগ জানিয়েছেন, চিতা সাধারণত গুহা ব্যবহার করে না, তাই এ ধরনের প্রাকৃতিক মমি বিজ্ঞানীদের অবাক করেছে। গুহা থেকে ৫৪টি বিড়ালজাতীয় প্রাণীর কঙ্কালও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে পুরোনো প্রায় ৪ হাজার বছর প্রাচীন।
বিশেষজ্ঞরা মনে করেন, এই আবিষ্কার চিতা সংরক্ষণ ও পুনর্বাসনের জন্য গুরুত্বপূর্ণ। ডিএনএ তথ্যের মাধ্যমে স্থানীয় পরিবেশের সঙ্গে মিল রেখে সঠিক প্রজাতির চিতা পুনর্বাসন করা সম্ভব হবে। সৌদি আরবের সংরক্ষিত এলাকায় মানুষের হস্তক্ষেপ না থাকায় এই পুনর্বাসন কার্যক্রম সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সূত্র: সিএনএন









