মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘সম্পর্কের গল্প’ দর্শকদের হৃদয় ছুঁয়েছে। পারিবারিক গল্পনির্ভর এই কন্টেন্ট দেখে অনেকে কেঁদেছেন। পারিবারিক সম্পর্কের টান, আবেগ, অভিমান, ভুল আর ভালোবাসার এই গল্পে নিজেদের খুঁজে পেয়েছেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যম বাংলা নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপ ও পেজে এটি নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকে নিজেদের পেজ ও প্রোফাইলে এর ভূয়সী প্রশংসা করেছেন। ‘সম্পর্কের গল্প’র সুবাদে নতুন বছর দারুণভাবেই শুরু হলো নির্মাতা রাজসহ সংশ্লিষ্টদের।
গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করে ‘তোমাদের গল্প’। ২০২৫ সালে বাংলা ফিকশনের মধ্যে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে এটাই। এখন পর্যন্ত এর ভিউ সংখ্যা ৩ কোটি ৭৩ লাখের বেশি। ‘তোমাদের গল্প’র দারুণ সাফল্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘গল্প’ সিরিজের নতুন নির্মাণ ‘সম্পর্কের গল্প’। গত ১০ জানুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এর দৈর্ঘ্য প্রায় দুই ঘণ্টা।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, ‘সম্পর্কের গল্প’ মুক্তির ৫ ঘণ্টা ৩৫ মিনিটেই ১ মিলিয়ন ভিউ পেয়েছে। ৯ ঘণ্টা ৩৭ মিনিটে এই সংখ্যা ছাড়িয়েছে দুই মিলিয়নের ঘর। ১৩ ঘণ্টা ৩১ মিনিটে এটি ভিউ পেয়েছে তিন মিলিয়ন। ২৪ ঘণ্টা পর সেটি দাঁড়ায় ৬ মিলিয়ন। দুই দিনে ৮০ লাখ বার দেখা হয়েছে এটি। তিন দিনেই রেকর্ড কোটি ভিউ পেয়েছে ‘সম্পর্কের গল্প’। ইউটিউবে মন্তব্য এসেছে ২১ হাজারের বেশি। নাটকটি দেখে ফেসবুকে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরা মিঠু লিখেছেন, ‘এক দিনের মধ্যে অকল্পনীয়, অবিশ্বাস্য রকম প্রশংসাবার্তায় ভরে যাচ্ছে মেসেঞ্জার, মোবাইল ফোন। ভয়ে সন্দিহান হয়ে উঠছে মন, তবে কি আমার দিন ফুরিয়ে এলো? এর চেয়ে আর কি ভালো করতে পারব না? পরিচালক মোস্তফা কামাল রাজকে কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার সামর্থ্য নেই আমার। কারণ তিনি একজন রাজা।
‘তোমাদের গল্প’র পর ‘সম্পর্কের গল্প’তে ফিরেছে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটি। তাদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা।
জোভান, তটিনী ও মনিরা মিঠুর মতো ‘তোমাদের গল্প’তে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’তে তাদের বেশির ভাগই আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য- দিলারা জামান, সাবেরি আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু। নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত। সবাইকে নিজেদের চরিত্রে সাবলীল লেগেছে বলে জানিয়েছেন অনেক দর্শক।
‘যে বন্ধন হারায় না’ ট্যাগলাইন নিয়ে ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ। ‘তোমাদের গল্প’ ছিল তারই লেখা। এই নাটকে তারিক তুহিনের লেখা একটি নতুন গান রয়েছে। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। গান আর আবহ সংগীতের কথা আলাদা করে বলেছেন অনেকে। গানটি পুরো ফিল্মের মেজাজের সঙ্গে মানানসই লেগেছে তাদের।
সুমন হোসেনের চিত্রগ্রহণের প্রশংসা করেছেন অনেকে। ঘরের ভেতরের কিংবা বাইরের দৃশ্য, সবক্ষেত্রে আলো ও ফ্রেম খুব সুন্দরভাবে ব্যবহার করায় গল্পের আবহ আরও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য তাদের।
সব মিলিয়ে বলা যায়, ‘সম্পর্কের গল্প’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ঝুলিতে আরেকটি চমৎকার ও মানসম্পন্ন নির্মাণ।
মাহমুদ সালেহীন খান










