অস্ট্রেলিয়া-ভারতের গ্রুপে বাংলাদেশ, চিন্তিত নয় বিসিবি

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচে সবকটিতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ মূলপর্বে জায়গা করে নেয়।

ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে শুরু হবে ১২ দলের এই মেগা ইভেন্ট। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হলো সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ ‘বি’-তে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও বিসিবি বেশি চিন্তিত নয়। ঢাকা পোস্টের সঙ্গে আলাপে বিসিবি নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, “একটা গ্রুপে ছয়টি দল। এর মধ্যে চারটি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। আমাদের ভালো সুযোগ আছে। পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারালে আমাদের চূড়ান্ত সম্ভাবনা ভালো হবে। এছাড়া যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারি, তাতেও আমাদের সুযোগ বাড়বে।”

লক্ষ্য সম্পর্কে শিপন আরও বলেন, “আমি বেশি দূর চিন্তা করছি না। আপাতত আমাদের লক্ষ্য সুপার এইটে পৌঁছানো। তারপর ফাইনাল বা সেমি-ফাইনাল দেখা যাবে। বড় টুর্নামেন্টে ফাইনালে উঠতে আমাদের সময় লাগবে।”

গ্রুপের তুলনামূলক অবস্থা নিয়ে শিপন বলেন, “আমার মতে, ‘বি’ গ্রুপের চেয়ে আমাদের গ্রুপ বেশি কঠিন নয়। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে অল্পের জন্য হারাতে পারিনি, টি-টোয়েন্টিতে হারানোও অপ্রত্যাশিত হবে না। যে কোনো কিছু হতে পারে।”

-এমইউএম