আইসিসির ভেন্যু পরিবর্তন না হওয়ায় বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিতে পারছে না। মার্চের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই এবং ঘরোয়া ক্রিকেটের সূচিও অনিশ্চিত। তাই ক্রিকেটাররা বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন।
ফলে, বিসিবি তাদের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হচ্ছে ক্রিকেটারদের জন্য বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। কতদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্বকাপে না যাওয়ায় কোচ ফিল সিমন্স আপাতত ছুটিতে আছেন। অন্যান্য বিদেশি কোচদের ছুটির বিষয়েও বিসিবি কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি। তবে দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলের অধীনে ক্যাম্পে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তারা আসন্ন বিসিএল এবং ওয়ানডে সিরিজকে লক্ষ্য রেখে সাদা ও লাল বলের অনুশীলন করবেন।
এই ক্যাম্পে ক্রিকেটাররা নিজেদের দুর্বল দিক উন্নয়নে কাজ করবেন। চলতি বছরে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করার পরই দলকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে হবে। এছাড়া খেলোয়াড়দের স্কিল উন্নয়নের জন্যও আলাদা সেশন থাকবে।
বেলাল হোসেন/










