বিশ্বকাপে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার জিতলেন সাহিবজাদা ফারহান

টানা ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসের পর বোলিংয়ে কার্যকর ভূমিকা দেখিয়েছেন শাদাব খান তবে সেই পারফরম্যান্সে তিনি ম্যাচ সেরা হওয়ার সুযোগ রাখলেও, টানা বিস্ফোরক ব্যাটিংয়ের কারণে ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে তার প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জেতা।

কলম্বোতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তান ১৯০ রানের বড় সংগ্রহ গড়ে যুক্তরাষ্ট্রকে ১৫৮ রানে থামিয়ে ৩২ রানে জয়ী হয়। গত আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল পাকিস্তানের, তাই অনেকেই ভাবছিলেন এই ম্যাচেও অঘটন হতে পারে। কিন্তু সাহিবজাদার আগ্রাসী ব্যাটিং সেই শঙ্কা দূর করে দেন।

পাকিস্তানের হয়ে কেবল টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন এই ওপেনার। ৪১টি ম্যাচে এটি তার চতুর্থ ম্যাচ সেরার পুরস্কার। গত বছর তিনি দুইবার বাংলাদেশের বিপক্ষে এবং একবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।

সাইম আইয়ুবের সঙ্গে ৫৪ রানের উদ্বোধনী জুটিতে দলকে উড়ন্ত সূচনা দেন সাহিবজাদা। অধিনায়ক সালমান আলি আগার দ্রুত বিদায়ের পর বাবর আজমের সঙ্গে আরেকটি শক্তিশালী জুটি গড়ে দলের স্কোরকে এগিয়ে নেন। ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি। বাবরের সঙ্গে তার ৫০ রানের জুটি আসে মাত্র ৩৮ বলেই। বাবরের বিদায়ের পর বেশি সময় মাঠে থাকতে পারেননি সাহিবজাদা; ৪১ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

-এমইউএম