এসি মিলানের মিডফিল্ডার রুবেন লফটাস-চিক মাঝমাঠে বড় ধরনের আঘাত পেয়েছেন। চোয়ালে অস্ত্রোপচার করা হয়েছে তার, যা ক্লাবই নিশ্চিত করেছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার আনুমানিক সময় লাগবে প্রায় আট সপ্তাহ। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত রোববার ঘরের মাঠে সেরি আয় পার্মার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে গুরুতর চোট পান লফটাস-চিক। প্রতিপক্ষের গোলরক্ষক এদুয়ার্দো কর্ভি-এর সঙ্গে ধাক্কা লাগার ফলে আঘাত পান তিনি। কিছুক্ষণ মাঠেই চিকিৎসা দেওয়া হলেও দশম মিনিটে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এবং পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয়।
চলতি মৌসুমে লফটাস-চিক সেরি আয়-এর হয়ে ২৩টি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে মিলানের হয়ে মোট ২৭টি ম্যাচ খেলেছেন।
-এম ইউএম










