আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে এই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী শনিবার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিসিআইসি) এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গেই আমাদের দাওয়াত কবুল করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন যে, দলটির আমিরের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে সপরিবারে আমন্ত্রণের বিষয়টি জানানো হয়। তিনি বলেন, “আমাদের আমির মহোদয় টেলিফোনে আলাপের সময় প্রধানমন্ত্রীকে তার সম্মানিত স্ত্রী এবং সন্তানসহ সবাইকে নিয়ে আসার অনুরোধ করেছেন। আমরা উভয়কেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র দিয়েছি।”
দীর্ঘদিন পর একটি বড় রাজনৈতিক দলের ইফতার অনুষ্ঠানে সরকারপ্রধানের অংশগ্রহণের এই খবর রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচিত সরকার গঠনের পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।
–লামিয়া আক্তার










