ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের খারাপ ধারাবাহিকতা চলছেই। গতকাল রাতে বোর্নমাউথের মাঠে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল খেয়ে ৩-২ গোলে হেরে ক্লাবটি শূন্য হাতে মাঠ ছাড়ে। ফলে লিগে ৭ জয়ের বিপরীতে ৮ হারে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে নেমে গেছে টটেনহ্যাম।
হারের পর অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো সামাজিক মাধ্যমে ক্লাবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। প্রথমে তিনি সমর্থকদের কাছে ক্ষমা চান, পরে সূক্ষ্ম আঙ্গিকে ক্লাবের কিছু কর্মকর্তাকে টোকা দেন। রোমেরো লিখেন, “সব ঠিকঠাক চললে তখনই তারা হাজির হয়।” পরে ‘মিথ্যা’ শব্দটি নিজের পোস্ট থেকে মুছে দেন।
রোমেরো ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিয়ে বলেন, “এই পরিস্থিতির দায় আমাদেরই, এতে কোনো সন্দেহ নেই। প্রথম দায়টা আমার। তবে আমরা লড়াই চালিয়ে যাব এবং পরিস্থিতি ঘুরিয়ে দেব।” তিনি আরও যোগ করেন, “কঠিন সময়ে অন্যদের সামনে এসে কথা বলা উচিত, কিন্তু তারা তা করেন না—ভালো সময় এলেই তাদের দেখা যায়।”
রোমেরো সর্বশেষে দলকে একত্র থাকার এবং কঠোর পরিশ্রমের আহ্বান জানান। তাঁর পোস্টে ব্রাজিলিয়ান সতীর্থ রিচার্লিসন সমর্থন জানান হাততালি ইমোজি দিয়ে, আরেক সতীর্থ লেখেন, “আমেন, এগিয়ে চলো ভাই। সামনে আমাদের অনেক লড়াই বাকি।”
এদিকে, ম্যাচ শেষে সতীর্থ মিকি ভান ডে ভেন সমর্থকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন, পরে ক্লাবের স্টাফরা তাঁকে সামলান।
– এমইউএম/










