বেনফিকার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে নকআউট প্লে-অফের দ্বিতীয় লেগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা স্প্যানিশ ক্লাবটি আজ (বুধবার) গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে। ট্রেনিংয়ে হাঁটুতে চোট পেয়েছেন তাদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, মঙ্গলবারের অনুশীলন সেশন পুরোপুরি শেষ করতে পারেননি এমবাপে। হাঁটুর সমস্যার কারণে তিনি মাঠ ছাড়েন। বাঁ পায়ে তীব্র ব্যথা অনুভব করায় বিকেলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কয়েক ঘণ্টা পর পাওয়া রিপোর্টে জানা যায়, বেনফিকার বিপক্ষে তাকে পাওয়া প্রায় অসম্ভব।
উল্লেখ্য, গত ডিসেম্বরে একই চোটে পড়েছিলেন ফরাসি এই তারকা। পুরোপুরি সেরে না উঠতেই তাকে স্প্যানিশ সুপার কাপের জন্য দলে ফেরানো হয়। নতুন কোচ আলভারো আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ব্যথা নিয়েই খেলছিলেন।
লেকিপের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বেনফিকা ম্যাচই নয়, লা লিগায় গেতাফে ও সেল্তা ভিগোর বিপক্ষের ম্যাচেও এমবাপে দর্শক হিসেবেই থাকতে পারেন। শেষ ষোলোতে রিয়াল উঠলেও সেই ম্যাচে তার খেলা অনিশ্চিত।
এদিকে, এমবাপে ট্রেনিং থেকে সরে দাঁড়ানোর পরও কোচ আরবেলোয়া সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ফরাসি বিশ্বকাপজয়ীকে খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে সামনে বিশ্বকাপ থাকায় এমন সময়ে ঝুঁকি নেওয়া হবে কি না, সেটিও বিবেচনায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ১০ দিন বিশ্রামে থাকতে হতে পারে এমবাপেকে। ফলে তিনটি ম্যাচ মিস করার শঙ্কা রয়েছে তার।
-এমইউএম










