দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশন প্রশাসকসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকেরা।
গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তারা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিয়োগ কার্যকর থাকবে।
দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা।
এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো। নতুন দায়িত্ব পাওয়া ছয়জনই বিএনপির প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতা।
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘নিয়োগ করা প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
নবনিযুক্ত ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম।
ডিএসসিসির নতুন প্রশাসক আবদুস সালাম বলেন, ১৭ বছর পরে ফ্যাসিবাদমুক্ত হওয়ায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘদিন ধরে এই লোকাল গভর্মেন্ট বলা চলে অকার্যকর ছিল। তারা সবকিছু দলীয়করণ করেছিল এবং নির্বাচন কোথাও ছিল না। যেমনি জাতীয় নির্বাচন ছিল না, তেমনি স্থানীয় সরকারগুলো নির্বাচনের নামে তারা দখল করেছিল।
তিনি আরও বলেন, জনগণের যে সেবাগুলো নিশ্চিত করা উচিত ছিল, সেগুলো নিশ্চিত না করে তারা একটি দলকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করেছিল। এই সরকার আসার পরে এখন জনগণের হারিয়ে যাওয়া যে সব অধিকার সেগুলো নিশ্চিত করার জন্যই আমরা মনে করি, প্রথমেই সিটি কর্পোরেশনগুলোতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব যাতে জনগণের যে ভোগান্তি এবং জনগণের যেসব দাবি সেগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছেনি, জনগণের সঙ্গে থেকে সেগুলো অনেকটা সমাধান করব। যেগুলো না পারবো, সেগুলো সরকারের কাছে এসে তুলে ধরা এবং সরকারের সহযোগিতা নিয়ে সেই সব বিষয়গুলোকে সমাধান করব।
ডিএসসিসির নতুন প্রশাসক বলেন, আজকে আমাদের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে কিছু নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো জানিয়ে তিনি বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত আছে, সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, মশা নিধন করা, ক্লিনিং সিটি সমস্যা এবং নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। আমাদেরকে বলেছেন, যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, এখন রমজান মাস চলছে। সামনে ঈদ। এই সময় যাতে আবার জনগণের ভোগান্তিও না হয়, সে বিষয়টিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাজেই সবকিছু চিন্তাভাবনা করেই যখন সিদ্ধান্ত নেওয়ার আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব।
–হাসান









