প্রতিপক্ষ-সূচি ঘোষণার পর নতুন জটিলতায় রোনালদোর পর্তুগাল

অধিনায়ক হিসেবেই পর্তুগাল দলে ফেরার কথা ক্রিশ্চিয়ানো রোনালদোর। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে তিনি জাতীয় দলের সর্বশেষ ম্যাচ খেলতে পারেননি। মার্চে দুটি প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ, সূচি ও ভেন্যু চূড়ান্ত হওয়ার পরই নতুন জটিলতায় পড়েছে পর্তুগাল।

আগামী ২৯ মার্চ আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার কথা ছিল তাদের। কিন্তু দেশটিতে এক শীর্ষ মাদকসম্রাট নিহত হওয়ার পর সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে, যা ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

গত রোববার বিশেষ সেনা অভিযানে নিহত হন মেক্সিকোর কুখ্যাত মাদকচক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা কেরভান্তেস (৫৯), যিনি ‘এল মেঞ্চো’ নামে বেশি পরিচিত। এরপর পুয়ের্তো ভাল্লার্তা শহরসহ বিভিন্ন এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। সিজেএনজি সদস্যরা বহু সড়ক অবরোধ করে, পুলিশ স্টেশনে হামলা চালায় এবং কয়েকটি গাড়িতে আগুন দেয়। অভিযানে অংশ নেওয়া ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে রোববারের সূচিতে থাকা মেক্সিকোর চারটি ম্যাচ স্থগিত করা হয়। আজ (বুধবার) আইসল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও এ বিষয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। মার্চের ম্যাচের আগে মেক্সিকোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পর্তুগাল।

যে আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা, সেখানেই আগামী ১১ জুন আসন্ন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।

এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, সরকারের সঙ্গে সমন্বয় এবং মেক্সিকান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা।

ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র তিন মাস বাকি। আয়োজক দেশগুলোর একটি হিসেবে মেক্সিকোর জন্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম মঙ্গলবার জানিয়েছেন, বিশ্বকাপে বিদেশি সমর্থকদের আগমনে কোনো ঝুঁকি নেই।

পরবর্তীতে মেক্সিকান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ২৮ মার্চ (বাংলাদেশ সময় অনুযায়ী ২৯ মার্চ) অনুষ্ঠিতব্য ম্যাচ নিয়ে দুই দেশের পারস্পরিক আগ্রহ অটুট রয়েছে। ফলে আপাতত তারিখ ও ভেন্যু অপরিবর্তিত আছে।

এদিকে মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে বলেছেন, পর্তুগালের প্রতিক্রিয়া স্বাভাবিক। পরিস্থিতি মূল্যায়নের অধিকার তাদের আছে। আশা করা হচ্ছে, কোনো জটিলতা ছাড়াই ম্যাচটি সম্পন্ন হবে।

-এমইউএম