বীর মুক্তিযোদ্ধা খসরু’র পঞ্চম মৃত্যুবার্ষিকী: ইফতার ও দোয়া মাহফিল

বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, লেখক ও গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু’র পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই আয়োজন করে ‘বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু স্মৃতি পরিষদ’।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা পর্বে বক্তারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন একজন মুক্তিযোদ্ধা, ন্যায়পরায়ণ আইনজীবী এবং জ্ঞানচর্চায় নিবেদিতপ্রাণ একজন গবেষক। মহান মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা এবং স্বাধীনতার পর সামাজিক ন্যায়বিচার ও সাংস্কৃতিক অগ্রগতিতে তার অবদান সমাজে গভীর ছাপ রেখে গেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেম ছিল তার জীবনের মূল চালিকাশক্তি। তিনি আজীবন শোষণ-অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মকে আদর্শ ও নৈতিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এরপর পথচারী, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মরহুমের মানবিক চেতনা ও সমাজসেবামূলক আদর্শকে স্মরণ করেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তার নামে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু’র সহধর্মিণী কবি মুনমুন চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সহকারী সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ