চিন্তা-চেতনা ও আচরণেই আসল স্মার্টনেস পোশাকে নয়: বাকৃবি ভিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, স্মার্টনেস কেবল পোশাকে নয় বরং চিন্তা ও কর্মে প্রতিফলিত হওয়া উচিত। বাকৃবির শিক্ষকরা জাতীয় দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট। মানসম্মত শিক্ষাই আমাদের সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমেই আমরা বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চ শিখরে নিয়ে যাব।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাকৃবির ভেটেরিনারি বিজ্ঞানে তৃতীয় স্তরের শিক্ষা শক্তিশালীকরণ বিষয়ক উদ্বোধনী কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য প্রদানের সময় তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক কার্যালয়ের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাকৃবি ভিসি বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। একজন সফল শিক্ষক তার মেধা ও আন্তরিকতা দিয়ে শিক্ষার্থীদের হৃদয়পটে স্থান করে নিতে পারেন। যুগের পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লেও পাঠদানের মূল শক্তি হলো শিক্ষকের আন্তরিকতা ও বিষয়ের গভীর জ্ঞান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা ও হিট প্রকল্পের আঞ্চলিক কেন্দ্র সমন্বয়ক মুহা. মুনাব্বেরুর রশীদ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া। এ সময় ভেটেরিনারিসহ বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রকল্পের সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপপ্রকল্প ব্যবস্থাপনা দলের সদস্য অধ্যাপক ড. ফাতেমা আক্তার।

-সাইমুন