ইংল্যান্ডের সামনে ১৬৫ রানের টার্গেট দিল পাকিস্তান

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের সামনে ১৬৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে পাকিস্তান। কেন্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। তবে ওপেনার সাহিবজাদা ফারহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল লড়াই করার মতো সংগ্রহ পায়। ৭টি চার ও ২টি ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।

মিডল অর্ডারে বাবর আজম আবারও বড় রান করতে ব্যর্থ হন। চারে নেমে ২৪ বলে ২৫ রান করে ফেরেন তিনি। সমান ২৫ রান করেন ফখর জামান, খেলেন ১৬ বল। এছাড়া সাইম আইয়ুব (৭), সালমান আলি আগা (৫), উসমান খান (৮) ও মোহাম্মদ নওয়াজ (০) ব্যাট হাতে সুবিধা করতে পারেননি।

শেষদিকে শাদাব খান ১১ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪টি চারে সাজানো এই ক্যামিও পাকিস্তানের সংগ্রহকে কিছুটা চ্যালেঞ্জিং করে তোলে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান করে পাকিস্তান।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে লিয়াম ডসন নেন ৩ উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন নেন দুটি করে উইকেট। একটি উইকেট শিকার করেন আদিল রশিদ।

-সাইমুন