বুধবার ঢাকার ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে চার হাজার ২০ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদানসহ ১২ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।
উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাভারের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন। সমাবর্তনে ৩ হাজার ৩৯১ জন স্নাতক এবং ৬২৯ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেরিত বার্তায় ড. মুহাম্মদ ইউনূস গ্র্যাজুয়েটদের ‘থ্রি জিরো’ বা শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্বের পৃথিবী গড়তে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। সমাবর্তন বক্তা ড. হোসেন জিল্লুর রহমান তাঁর বক্তব্যে উদ্ভাবনী শক্তি বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষার মাধ্যমে ‘মধ্য-আয়ের ফাঁদ’ এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, “আমরা গ্র্যাজুয়েটদের শুধু চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে কাজ করছি।” এছাড়া ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেন।
কৃতিত্বপূর্ণ ফলের জন্য ৫ জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর্স গোল্ড মেডেল’, ৪ জনকে ‘চেয়ারম্যান গোল্ড মেডেল’ এবং ৩ জনকে ‘ভাইস-চ্যান্সেলর্স গোল্ড মেডেল’ প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবগুলোর পরিবেশনায় এক আনন্দঘন সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন গ্র্যাজুয়েটরা।
মালিহা










