নাইজেরিয়ার জনপ্রিয় ডিজাইনারকে ব্রুকলিনে গুলি করে হত্যা

নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় নাইজেরিয় ফ্যাশন ডিজাইনার শেরিফ শিত্তু-কে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভোরে ইস্ট ফ্ল্যাটবুশের জনপ্রিয় ‘কুইলক্স রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ’-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে। শেরিফ ওইদিন তার ভাইবোনদের সঙ্গে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে একজন মদ্যপ ব্যক্তি অসংলগ্ন আচরণ শুরু করেন এবং শেরিফের প্রেমিকা ও অন্যান্য নারীদের উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করতে গেলে তার সঙ্গে শেরিফের হাতাহাতি হয়।

পরবর্তী মুহূর্তে নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে লাউঞ্জ থেকে বের করার চেষ্টা করলে সে আকস্মিকভাবে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় শেরিফকে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর শেরিফের পরিবার ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। নিহতের ছোট ভাই সালেম শিত্তু বলেন, জনপ্রিয় ক্লাবে একজন কীভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করতে পারল এবং নিরাপত্তাকর্মীরা কেন যথাযথ তল্লাশি চালায়নি তা তাদের বোধগম্য নয়। পরিবার তার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তাকে সর্বশেষ জিন্স প্যান্ট এবং ধূসর জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। কর্তৃপক্ষ অভিযুক্তকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কারণে স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেরিফের মৃত্যু নিয়ে ব্যাপক শোক ও প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। পরিবার এবং সমর্থকরা দ্রুত ন্যায়বিচার চেয়ে অপেক্ষা করছেন।

-বিথী রানী মণ্ডল