সিটি করপোরেশনের ছয় প্রশাসকদের যে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকদের মশক নিধন, বনায়ন এবং নগর পরিচ্ছন্নতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। এই তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে আবদুস সালাম বলেন, “দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। এগুলো হলো:

  • জনগণের বঞ্চিত অধিকার দ্রুত নিশ্চিত করা
  • মশক নিধন কার্যক্রম জোরদার করা
  • নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করা
  • বনায়ন কার্যক্রম বাড়ানো
  • নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া”

নতুন প্রশাসক জানান, জনগণের ভোগান্তি ও দাবিগুলো সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে এবং স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে সরকারের সহায়তা নেওয়া হবে।

আবদুস সালাম আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পূর্বে স্থানীয় সরকার কার্যত অকার্যকর ছিল এবং সবকিছু দলীয়করণের কারণে নির্বাচন ও সেবা প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার জনগণের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে, সেই লক্ষ্যেই নতুন প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে।”

ডিএসসিসি ইতিমধ্যেই এসব নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে।

-এমইউএম